২৬ মার্চ ওয়েবে মুক্তি পাচ্ছে একাত্তর

৬ মার্চ, ২০২০ ১৪:৫৮  
১৯৭১। আন্দোলনে উত্তাল পূর্ব বাংলা। পূর্ব বাংলার মানুষের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করতে ছক কষে পাকিস্তান আর্মি। পরিকল্পনা নেয়া হয় “অপারেশন ব্লিটজ” এর। ক্যাপ্টেন সিরাজ নামের (মোস্তাফিজুর নূর ইমরান) এক বাঙালি অফিসার গোপনে সেই ফাইল যোগাড় করে আন্তর্জাতিক গণমাধ্যমের হাতে তুলে দিতে চায়। তার পেছনে ধাওয়া করে পাকিস্তানি মেজর ওয়াসিম (ইরেশ যাকের)। এসময় ক্যাপ্টেন সিরাজ জীবন বাঁচাতে সেলিমের (মুস্তাফা মনোয়ার) গ্যারেজে আশ্রয় নেয়। ফাইলটি গণমধ্যমের হাতে পৌঁছাতে ক্যাপ্টেন সিরাজ মেজর ওয়াসিমের স্ত্রী সাংবাদিক রুহি বাট (মিথিলা) এর সাহায্য চায়। রুহি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেলিমের সাথে জয়িতা (তিশা), প্রদীপ (শতাব্দী ওয়াদুদ) এবং অন্যান্যরা ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে একাত্তর। আগামী ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে নতুন এই ওয়েব সিরিজ “একাত্তর”। সিরিজটির প্রকাশ পাবে অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হইচই-এ। শিবব্রত বর্মন এর চিত্রনাট্যে থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর। অভিনয় করেছেন মুস্তাফা মনোয়ার, ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দি ওয়াদুদ, দীপান্বিতা মার্টিন প্রমূখ। বৃহস্পতিবার (৫ মার্চ) ডেইলি স্টার সেন্টার এর তৌফিক আজিজ খান সেমিনার হলে অনুষ্ঠিত হয় হৈচৈ অরিজিনাল ওয়েব সিরিজ “একাত্তর” এর প্রথম দর্শন (ফার্স্ট লুক রিভিল) এবং চরিত্র পরিচিতি (ইন্ট্রোডাকশন অফ দা ক্যারেক্টারস)। অভিনেতাদের পাশপাশি এসময় আরো উপস্থিত ছিলেন হইচই বাংলাদেশ এর বিজনেস লিড সাকিব আর খান, নির্মাতা প্রতিষ্ঠান ডোপ প্রডাকশন্স থেকে পরিচালক তানিম নূর, একাত্তরের এক্সিকিউটিভ প্রডিউসার দ্যা গুড কোম্পানির সিইও সরদার সানিয়াত হোসাইন।